দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও এক। নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে এবার ধৃত দুর্গাপুর নগরনিগমের এক অস্থায়ী কর্মী। জানা গিয়েছে, ধৃতের নাম নাসিরউদ্দিন শেখ। শুক্রবার ওই ঘটনায় তার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে জেরা শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। এনিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃত ৪। যদিও এখনও অধরা ১।
১০ অক্টোবর দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্রীর অভিযোগ, রাত ৮টা নাগাদ বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে পরাণগঞ্জের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়।
শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্য। ঘটনায় প্রতিবাদ দেখায় ছাত্রসমাজ সহ রাজ্যের বিরোধীদল গুলো। ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্তে নেমে একদিনের মধ্যে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার রাতে নাসিরউদ্দিন শেখ নামের দুর্গাপুর নগরনিগমের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।









