কলকাতায় আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর এই কলকাতা সফরেই মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ উপভোগ করবেন তিনি। সূত্রের খবর, ওই দিন মাঠে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেখানে উপস্থিত থাকবেন মেসি। সব শেষে তিনি এই বিশেষ ডার্বির বিজয়ীদের হাতে তুলে দেবেন পুরস্কারও।
১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে একটি ‘গোট কনসার্ট’ আয়োজিত হবে। ওইদিন খেলা হবে মিনি ডার্বি। মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্সের এই ম্যাচে দুটি দলেই সেরা দেশি-বিদেশি ফুটবলাররা খেলবেন। গোটা ডার্বি ম্যাচ দেখবেন মেসি। জয়ী দলের হাতে বিশেষ পুরস্কারও তুলে দেবেন মেসি।
উল্লেখ্য, গোট কনসার্টে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকতে পারেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও। ইতিমধ্যেই শুরু হয়েছে গোট কনসার্টের টিকিট বিক্রি। Zomato Districtঅ্যাপ থেকে কাটা যাবে এই গোট কনসার্টের টিকিট। জানা গিয়েছে, টিকিট শুরু হচ্ছে ৩৮৩৫ টাকা থেকে। এবং সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম ১৪,৭৫০ টাকা। ইতিমধ্যেই মেসির কলকাতা সফর নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে।









