সাতসকালেই ইডির হানা! শুক্রবার সকালে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস-সহ কলকাতার আরও ৭টি জায়গায় হানা দিলেন ইডি আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতি-সহ আরও দুটি মামলায় এই হানা বলেই জানা গিয়েছে।
শুক্রবার সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতার একাধিক জায়গায় হানা দেন ইডির অফিসাররা। সল্টলেকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস সহ কাউন্সিলর নিতাই দত্ত ও নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়িতে তল্লাশি চালান তাঁরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের তদন্ত চালাচ্ছে ইডি।
উল্লেখ্য, অনেকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল দমকলমন্ত্রী সুজিত বসুর নাম। ২০২৪ সালে দমকলমন্ত্রীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এবার তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালালেন। তবে, এবিষয়ে সুজিত বসুর এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।









