ভারত সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তাঁর ভারত সফর। বুধবার সকালে তাঁর বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করে। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠক সহ আরও কর্মসূচি রয়েছে তাঁর।
বুধবার বিমানবন্দরে কিয়ের স্টার্মারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং অজিত পওয়ার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারত সফরে এলেন স্টার্মার। একদিকে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি কার্যত ঝুলে আছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন চলছে নয়াদিল্লির। এরই মাঝে সম্প্রতি ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে এই পরিস্থিতিতে স্টার্মারের ভারত সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
ভারত সফর নিয়ে কিয়ের স্টার্মার বলেন, “ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্যচুক্তিতে সম্পূর্ণরূপে ব্যবসা এবং বিনিয়োগই গুরুত্ব পাবে।” কিয়ের স্টার্মারের ভারত সফরের ঘোষণার পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠেছিল, এ বার কি ব্রিটেনে ভারতীয়দের ভিসানীতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ভিসা নিয়ে সেই সম্ভাবনার কথা উড়িয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “এটি পরিকল্পনার অংশ নয়। ব্রিটেনের অভিবাসন নীতির কোনও পরিবর্তন হবে না।”









