শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নভেম্বরের শুরুতেই। এসএসসি-র তরফেও জানান হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষার মডেল উত্তরপত্রও আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি।
এসএসসি সূত্রে খবর, স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ করছে এসএসসি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা। এখনও পর্যন্ত ৫৩৪টি আবেদন জমা পড়েছে। পরীক্ষার্থীদের দেওয়া সঠিক উত্তরগুলি চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরিহারা হয়ে পড়েন। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর, দুদিনে মোট ৫,৬৫,০০০ জন পরীক্ষায় বসেছিলেন। এরমধ্যে ৩১ হাজার ভিনরাজ্যের চাকরিপ্রার্থী ছিলেন। তা নিয়ে শাসক-বিরোধী তরজা চললেও নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে এসএসসি।









