বুধবার উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। রাজ্যের প্রশাসনিক মহল ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, শাহ-এর সফর মূলত কেন্দ্রীয় সরকারের ত্রাণ ও পুনর্গঠন পরিকল্পনা সরেজমিনে খতিয়ে দেখার উদ্দেশ্যে। তবে রাজনৈতিক মহলের মতে, এই সফর শুধুমাত্র প্রশাসনিক নয়, রাজনৈতিক বার্তাও বয়ে আনছে। কারণ সম্প্রতি উত্তরবঙ্গের একাধিক জেলায় বিজেপি সাংসদ ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে ইতিমধ্যেই দিল্লি থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং আহত দুই নেতার চিকিৎসা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছেন। এমনকি শাহ নিজেই ফোন করে তাঁদের ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। এই সফরে শাহ শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন এবং কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দেবেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আহত সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎও করতে পারেন তিনি। বিজেপি নেতাদের মতে, এই সফর শুধুমাত্র বিপর্যস্ত এলাকা পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের “উত্তরবঙ্গের পাশে থাকার” বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিতে চাইছে বিজেপি। সব মিলিয়ে শাহ-এর সফর ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তুঙ্গে।









