শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং-কালিম্পং। তিস্তার জল উঠে এসেছে জাতীয় সড়কের উপর। ধসের জেরে বহু রাস্তাও বন্ধ। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জানা গিয়েছে, সোমবার বিকেলের মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো শনিবার রাতভর প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক জায়গায় ধস নামায় বন্ধ বহু রাস্তা। জলমগ্ন বহু এলাকা। বৃষ্টিতে উত্তাল হয়েছে তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কালিম্পংয়ের তিস্তা বাজার ইতিমধ্যেই নদীর জলে তলিয়েছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে।তবে একাধিক বাসিন্দার মৃত্যুর খবরও মিলেছে। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখনও বহু পর্যটক হোটেলে আটকে রয়েছেন। দুর্যোগের জেরে মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী দুধিয়ায় সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলিগুড়ির পোড়াঝাড়ের বিস্তীর্ণ এলাকা বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়েছে। অন্যদিকে, নেপাল সীমান্ত সংলগ্ন গলগলিয়াও প্লাবিত হয়েছে।
এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, উত্তরবঙ্গে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। মৃত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বিকেলের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন তিনি। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গের দলীয় কর্মী ও স্থানীয় নেতাদের সেখানকার মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।









