শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়াতে ‘মাজে ঘর যোজনা’ এবং ২,৪৫২ কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন। গোয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে রাজ্যর মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
ওইদিন সমাবেশে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘মাজে ঘর যোজনা’ কেবল একটি সরকারি উদ্যোগ নয় বরং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংস্কার-চালিত এবং নাগরিক-কেন্দ্রিক শাসন মডেলের প্রতিফলন। এই যোজনা হাজার হাজার গোয়াবাসীকে মালিকানার অধিকার দেবে। ১১টি ভিন্ন আইনি বিধানকে একক আইনে রূপান্তরিত করার জন্য মুখ্যমন্ত্রী সাওয়ান্তের প্রশংসাও করেন অমিত শাহ। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারগুলিকে জনগণের দীর্ঘস্থায়ী সমস্যাগুলি আইনত সমাধানের জন্য অনুপ্রাণিত করে চলেছেন, যার ফলে দেশের ৬০ কোটিরও বেশি দরিদ্র নাগরিক প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন। তিনি আরও বলেন, শুধুমাত্র মাজে ঘর যোজনার মাধ্যমেই ১০ লক্ষ নাগরিক বাড়ির মালিকানার অধিকার পেয়েছেন, যা গোয়ার উন্নয়নে একটি বড় মাইলফলক।
ওই সমাবেশে কর সংস্কারের কথাও তুলে ধরেন অমিত শাহ। তিনি বলেন, মোদী সরকার ২০১৪ সালে আয়কর ছাড়ের সীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করেছে, যা নারীর ক্ষমতায়ন এবং পরিবারের ক্রয়ক্ষমতাকে শক্তিশালী করেছে। তিনি দাবি করেন, গোয়াতে ২০১৪ সালে জনগনের মাথাপিছু আয় ছিল ১,১২,০৭৩ টাকা। যা ২০২৩-২৪ সালে বেড়ে হয়েছে ৩,৫৭,০০০। শুধু তাই নয়, ইতিমধ্যেই গোয়া দেশের প্রথম সম্পূর্ণ উন্নত রাজ্য হওয়ার পথে, এমনটাই দাবি করেন অমিত শাহ।
Source : DD News









