অসমের সঙ্গীতজগতের প্রাণ, জনপ্রিয় গায়ক-অভিনেতা-প্রযোজক জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হল। সিঙ্গাপুরের এক বেসরকারি হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন অসম নিবাসী জনপ্রিয় এই গায়ক। বয়স হয়েছিল ৫২। অহমিয়া, বাংলা সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন। গ্য়াংস্টার ছবির ইয়া আলি… গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন গায়ক।
উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক আইকন হিসেবে খ্যাত জুবিন কয়েকদিন আগেই সিঙ্গাপুর গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। কিন্তু উৎসব শুরুর আগেই ঘটে গেল এই অঘটন। জানা গিয়েছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে জ্ঞান হারান তিনি। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা শেষপর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি। যদিও মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে।
জুবিন শুধু অসম নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত, সংস্কৃতি আর চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বাংলা, হিন্দি থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অসংখ্য অমর সঙ্গীত উপহার দিয়েছেন তিনি। তাঁর অকাল প্রয়াণে ভক্তমহলে নেমে এসেছে শোকের ছায়া।সঙ্গীতপ্রেমী, সহকর্মী শিল্পী থেকে শুরু করে অগণিত অনুরাগী— জুবিন গর্গের এই হঠাৎ-মৃত্যু স্তম্ভিত করে দিয়েছে সবাইকে। তিন দশকেরও বেশি সময় ধরে আসামি এবং ভারতীয় সঙ্গীতের মঞ্চে তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর। জুবিনকে বলা হত ‘উত্তর-পূর্বের রকস্টার’!
সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। দুঃখপ্রকাশ করেছেন সঙ্গীতপরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।









