ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ফোর্ট উইলিয়ামে শুরু হল তিনদিনের এই গুরুত্বপূর্ণ সেনা সম্মেলন। সেই সেনা সম্মেলনে যোগ দিতেই কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী ছাড়াও সম্মেলনে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং সেনা বাহিনীর তিন প্রধান-সহ শীর্ষকর্তারা।জানা গিয়েছে, ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর ‘সংস্কার, রূপান্তর ও পরিবর্তন’ নিয়ে আলোচনা করা হয়।এর পাশাপাশি পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
রবিবার অসম সফর শেষে দমদম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখান থেকে তাঁর কনভয় পৌঁছয় রাজভবনে। সেখানেই রাত্রিবাস করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজনাথ সিংও। তিনি রাত্রিবাস করেন ফোর্ট উইলিয়ামে।
সোমবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো, সীমান্ত পরিস্থিতি এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন। একদিকে নেপালের পালাবদল, অশান্ত বাংলাদেশ এবং অন্যদিকে অস্থির চিন সীমান্ত। ফলে ফোর্ট উইলিয়ামে মোদির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
এরপর দুপুর ১টায় ফোর্ট উইলিয়াম থেকে রেসকোর্সের উদ্দেশে রওনা দেন নরেন্দ্র মোদী।রেসকোর্সে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেই হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। তারপর রওনা দেবেন পরবর্তী গন্তব্য বিহারের উদ্দেশে।









