প্রদেশ কংগ্রেসের দফতর ভাঙচুরের ঘটনায় অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। এর আগে ধৃত বিজেপি নেতার ছেলে শিবম সিংকে গ্রেফতার করে পুলিশ। বিধানভবন ভাঙচুরের ৫ দিন পর জালে মূল অভিযুক্ত রাকেশ সিং।
শুক্রবার সকাল প্রায় সওয়া ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময়ে কংগ্রেসের দফতরে কেউ উপস্থিত ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে রীতিমতো তাণ্ডব চালানো হয় কংগ্রেস দফতরে। গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পোড়ানো হয় পতাকাও। অভিযোগ,বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে একদল বিজেপি সমর্থক পতাকা হাতে বিধান ভবনে ঢুকে ভাঙচুর করেন। ঘটনায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় এন্টালি থানায়। ঘটনার পরেই বিজেপি নেতাকে পলাতক বলে দাবি করে ছিল পুলিশ।ঘটনায় রাকেশ ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হয় বিজেপি নেতার ছেলেও।
এরপর মঙ্গলবার গভীর রাতে ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। ঘটনায় খুনের চেষ্টা, অস্ত্র আইনে রাকেশ সিংহর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাঁকে শিয়ালদা আদালতে তোলা হবে।









