মেঘভাঙা বৃষ্টি ও ভূমি ধসের জেরে বৈষ্ণোদেবীর পথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। আহত ২৩ জন। ধ্বংসস্তূপের নিচে বহু পর্যটকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। বৈষ্ণোদেবী যাত্রাপথ ছাড়াও ভারীবৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা জম্মু ও কাশ্মীর। বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে অর্ধকুয়ারিতে ধস নামে। আচমকা ধস নামায় আতঙ্ক ছড়ায় পুণ্যার্থীদের মধ্যে। ধসের নিচে চাপা পড়েন অনেক পুণ্যার্থী। আহত হয়েছেন ২৩ জন। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯। বুধবার সকালে সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। এখনও ধসের নিচে বহু পর্যটক চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার জেরে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে।
দুর্যোগের কারণে বহু পর্যটক ও সাধারণ মানুষ আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অস্থায়ী ত্রাণশিবিরে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।









