দিল্লির পথ কুকুরদের নিয়ে রায়ে বড় সড় পরিবর্তন আনল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে দুই সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, দিল্লির রাস্তা থেকে সমস্ত পথ কুকুরদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। এই রায়ে এবার বদল আনল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনবি অঞ্জারিয়ার বেঞ্চে দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে।
আদালতের তরফে জানানো হয়েছে, রাস্তা থেকে পথ কুকুদের নির্দিষ্ট আশ্রয়ে নিয়ে যাওয়া হবে।সেখানে তাদের সঠিক পদ্ধতিতে প্রতিষেধক দেওয়ার কাজ ও বন্ধ্যত্বকরণ করা হবে। এরপর যেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই তাদের রেখে আসা হবে। তবে আদালত আরও জানিয়েছে, যে সমস্ত কুকুর র্যাবিস আক্ৰান্ত ও আক্রমণাত্বক তাদের আশ্রয় কেন্দ্রেই রেখে দেওয়া হবে।এমনকি রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না। পরিবর্তে প্রশাসনকে এর দায়িত্ব নিতে হবে। দিল্লি এবং আশপাশের এলাকায় পুরসভাকে কুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। এর পরেও যাঁরা রাস্তায় খাবার দেবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। এ নিয়ে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হবে।এবং রাস্তার কোনও কুকুরকে পোষ্য হিসাবে গ্রহণ করতে চাইলে দিল্লি পুরসভায় তার জন্য আবেদন করতে হবে।
দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। পশুকল্যাণ সংগঠন ও বিভিন্ন এনজিও এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন। এই রায় নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বেঞ্চ বদল করে দেন। আদালতের এই নতুন রায়ের পর খুশি পশুপ্রেমীরা।









