বুধবার রাতে শিয়ালদহ রেল ব্রিজ চত্বরে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের কয়েকজন ছাত্রকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এলাকার কিছু হিন্দিভাষী ব্যবসায়ীর বিরুদ্ধে। সূত্র অনুযায়ী, এক ছাত্র রাতে ব্রিজের নিচে থাকা একটি মোবাইল সরঞ্জামের দোকানে যান কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে। তবে সামান্য দরদাম নিয়ে দোকানির সঙ্গে তার বচসা বাধে, যার পরিপ্রেক্ষিতে ওই ছাত্র হস্টেলে ফিরে যান। কিছুক্ষণ পর তিনি কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে ফের দোকানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে দাবি। কিন্তু তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, দোকানদার ও অন্যান্য স্থানীয় হিন্দিভাষী ব্যবসায়ীরা আচমকাই তাদের ঘিরে ধরে এবং ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মারধর শুরু করে। চারজন ছাত্র গুরুতর জখম হন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘটনার পর আক্রান্তরা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ঘটনাটি ঘিরে ছাত্রমহল এবং স্থানীয় মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে, পাশাপাশি ভাষাগত ও জাতিগত পরিচয়কে ঘিরে তৈরি হওয়া এই হিংসাত্মক প্রবণতা নিয়েও প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, প্রশাসন কীভাবে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়।









