সারদা কাণ্ডে ৩ মামলায় বেকসুর খালাস পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। সারদার তিনটি মামলা মিলিয়ে ১০ থেকে ১৫ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় সুদীপ্ত ও দেবযানীর বিরুদ্ধে তিনটি মামলা রুজু হয়েছিল। পরবর্তীকালে রাজ্য সরকারও সুদীপ্ত-দেবযানীর বিরুদ্ধে মামলা করে। মঙ্গলবার প্রথম তিন মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করল ব্যাঙ্কশাল কোর্ট।
তবে তিন মামলায় বেকসুর খালাস পেলেও এখনই জেল মুক্তি পাবেন না তাঁরা।সারদা কাণ্ডে ২০০টিরও বেশি মামলা হয়েছে সুদীপ্ত ও দেবযানীর নামে।পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়েরও মামলা রয়েছে।
দেবযানীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অভিজিৎ বল এবং শুভজিৎ বল। আইনজীবী শুভজিত বল জানিয়েছেন, এই তিন মামলায় সাক্ষী হিসাবে ৫০ জনের নাম থাকলেও ১৫ জনের কোনও সাক্ষ্য পাওয়া যায়নি। যাঁরা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছিলেন, তাঁরা উপযুক্ত প্রমান দিতে পারেননি। ফলে আদালত সুদীপ্ত এবং দেবযানীকে হেয়ার স্ট্রিট থানার ওই তিন মামলায় বেকসুর খালাস করে দিয়েছে বলে জানিয়েছেন দেবযানীর আইনজীবী।









