দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী দাপট চলবে, জানাল আবহাওয়া দফতর। তবে, সপ্তাহের শেষে কমতে পারে বৃষ্টি।
মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। রবিবারও ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলাই থাকবে তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে,শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে।









